সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
ইমন রহমান : ভোলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টহল কার্যক্রমে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট অদ্য শনিবার (০৭-০২-২০২৬) রাত ০৫৩০ ঘটিকায় ভোলা সদর উপজেলার ধনিয়া ১নং ওয়ার্ড বালিয়াকান্দী এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের মাধ্যমে ভোলা সদর উপজেলায় মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট অস্ত্র ও গোলাসহ সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে জানতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত আভিযানিক দল অত্র এলাকার বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়ি থেকে ০১টি একনলা দেশীয় পাইপগান, ০১টি একনলা বন্দুক, ০২টি দেশীয় অস্ত্র(দাঁ) এবং ০৯ রাউন্ড ৭.৬২ মিঃমিঃ এসএবল ও ০৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ সর্বমোট ১২ রাউন্ড লাইভ এ্যামুনেশন সহ চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন (সকেট জামাল) এর ঘনিষ্ঠ সহযোগী মোঃ সেলিম কাজী ও মোঃ হাসান কে আটক করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাসহ আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ০৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য নিয়োজিত রয়েছে।