শীতের আমেজে প্রকৃতির ডাকে জাতীয় উদ্যান নিঝুম দ্বীপ
ফাতেমা আকতার, হাতিয়া
শীত এলেই যেন নতুন রূপে ধরা দেয় নোয়াখালীর হাতিয়া উপজেলার জাতীয় উদ্যান নিঝুম দ্বীপ। কুয়াশামাখা ভোর, নরম রোদ, শীতল বাতাস আর চারপাশে নিস্তব্ধ প্রকৃতি—সব মিলিয়ে নিঝুম দ্বীপ হয়ে ওঠে ভ্রমণপিপাসুদের জন্য এক স্বপ্নিল ঠিকানা। ব্যস্ত শহুরে জীবনের একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে এই শীতেই হতে পারে নিঝুম দ্বীপের সেরা সময়।
দ্বীপজুড়ে বিস্তীর্ণ কেওড়া বন, চরজুড়ে সবুজ ঘাস আর খোলা আকাশের নিচে অবাধে ঘুরে বেড়ানো চিত্রল হরিণ নিঝুম দ্বীপকে করেছে অনন্য। শীত মৌসুমে জোয়ার-ভাটার ছন্দে নদীর রূপ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। সকাল কিংবা বিকেলের নরম আলোয় নদী আর বন মিলেমিশে তৈরি করে অপূর্ব দৃশ্যপট।

চট্টগ্রাম পতেঙ্গা থেকে পরিবারসহ ঘুরতে আসা পর্যটক আব্দুল রহমান খবরের কাগজকে বলেন, নিঝুম দ্বীপে এসে মনে হয়েছে সময় যেন থেমে গেছে। হরিণগুলো এত কাছ থেকে দেখেছি, যা আগে কখনো সম্ভব হয়নি। এই শান্ত পরিবেশ সত্যিই মন ভরিয়ে দেয়।
শুধু পর্যটকরাই নন, স্থানীয় বাসিন্দারাও শীত মৌসুমকে নিঝুম দ্বীপের সবচেয়ে সুন্দর সময় বলে মনে করেন।

স্থানীয় পর্যটনসেবার সঙ্গে যুক্ত রহিম হোসেন বলেন, এই সময় আবহাওয়া ভালো থাকে, হরিণ দেখা যায় বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে প্রকৃতি দেখার জন্য।
নিঝুম দ্বীপের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় কাজ করছেন পরিবেশপ্রেমীরাও।পরিবেশবিদ ও শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, জাতীয় উদ্যান হওয়ায় এখানে প্রকৃতির স্বাভাবিক রূপ এখনো টিকে আছে। পর্যটকদের সচেতনতা থাকলে এই সৌন্দর্য আরও দীর্ঘদিন ধরে রাখা সম্ভব।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা জানান,
“পর্যটন বাড়লেও পরিবেশের ভারসাম্য রক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
প্রকৃতি, বন্যপ্রাণী আর নিস্তব্ধতার স্বাদ নিতে চাইলে এই শীতেই ঘুরে আসুন জাতীয় উদ্যান নিঝুম দ্বীপ। তবে ভ্রমণের আনন্দের পাশাপাশি প্রকৃতিকে ভালোবাসা ও সংরক্ষণের দায়িত্বও যেন আমাদের সবার থাকে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।