ক্যান্ডেলের আলোয় স্বপ্ন বুনছেন ব্যাংক কর্মকর্তা মৌসুমী আফরিন লোপা
শাহিন ফকির(পিরোজপুর) :
পেশাগত দায়িত্বের পাশাপাশি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে চলেছেন পিরোজপুরের তরুণ ব্যাংক কর্মকর্তা মৌসুমী আফরিন লোপা। বর্তমানে তিনি রুপালী ব্যাংক পিরোজপুর জোনাল অফিসে অফিসার পদে কর্মরত আছেন। চাকরির ব্যস্ততার মাঝেও সৃজনশীল উদ্যোগ হিসেবে তিনি গড়ে তুলেছেন ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও’ নামে একটি অনলাইনভিত্তিক ব্যবসা, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যপক সাড়া ফেলেছে।
জানা গেছে, প্রায় এক বছর আগে শুধুমাত্র শখ থেকে ক্যান্ডেল তৈরির প্রতি আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে তিনি ৩ মাসের একটি অনলাইন কোর্স সম্পন্ন করেন। কোর্স শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও’ নামে একটি পেজ খুলে ব্যবসা শুরু করেন। শুরুতে ছোট পরিসরে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তার তৈরি নান্দনিক ও সুগন্ধি ক্যান্ডেল ক্রেতাদের নজর কাড়তে শুরু করে।
বর্তমানে তার পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ডিজাইনের ডেকোরেটিভ ক্যান্ডেল, সুগন্ধি ক্যান্ডেল এবং বিশেষ উপলক্ষভিত্তিক কাস্টমাইজড ক্যান্ডেল। জন্মদিন, বিবাহ অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে তার পণ্যের চাহিদা বাড়ছে। সম্প্রতি পিরোজপুরের লোকজ মেলায় একটি স্টল দিয়েও তিনি তার পণ্য প্রদর্শন ও বিক্রি করেছেন, যেখানে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
চাকরির পাশাপাশি সময় ব্যবস্থাপনার মাধ্যমে তিনি তার এই উদ্যোগ পরিচালনা করে যাচ্ছেন। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য তৈরি, প্যাকেজিং এবং ডেলিভারি—সবকিছুই তিনি নিজেই তদারকি করেন। তার এই একাগ্রতা ও পরিশ্রম ইতোমধ্যে অনেকের কাছে প্রশংসিত হয়েছে।
তবে মৌসুমী আফরিন লোপার স্বপ্ন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি চান তার এই উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে। তার মতে, সমাজে অনেক নারী আছেন যারা দক্ষতা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন না। বিশেষ করে ঘরে বসে থাকা নারীদের জন্য এমন সৃজনশীল কাজ হতে পারে আয়ের একটি কার্যকর মাধ্যম।
এই লক্ষ্য সামনে রেখে ভবিষ্যতে ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও’র আওতায় নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তার। এখানে আগ্রহী নারীরা ক্যান্ডেল তৈরির কৌশল, ডিজাইন, প্যাকেজিং এবং অনলাইন মার্কেটিং সম্পর্কে ধারণা পাবেন। প্রশিক্ষণ শেষে তারা চাইলে নিজ উদ্যোগে ব্যবসা শুরু করতে পারবেন কিংবা লোপার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবেন।

মৌসুমী আফরিন লোপা বলেন, শুরুটা ছিল শখ থেকে, কিন্তু এখন এটি আমার স্বপ্ন। আমি চাই শুধু নিজের জন্য নয়, অন্য নারীদের জন্যও কিছু করতে। যদি আমার এই উদ্যোগের মাধ্যমে কয়েকজন নারীও স্বাবলম্বী হতে পারেন, সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন।
তিনি আরও জানান, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম উদ্যোক্তাদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে যে কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পারে বলে তিনি মনে করেন।