লামায় অভিযোগকারীদের ওপর হামলা, আহত বেলাল মৃত্যু শয্যায়
ক্রাইম রিপোর্টার আবু বকর সিদ্দিক বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় লিখিত অভিযোগ ও জিডি করাকে কেন্দ্র করে অভিযুক্ত এক ব্যক্তির হামলায় বেলাল হোসেন নামে এক ভুক্তভোগী গুরুতর আহত হয়ে মৃত্যু শয্যায় রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজেকে সাংবাদিক পরিচয়দানকারী হাসান ও তার পিতা ছগীর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা, চাঁদাবাজি ও সামাজিক হয়রানির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, তারা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন।
গত ২০ মার্চ রূপসী পাড়া বাজারে বেলালকে প্রকাশ্যে অবরুদ্ধ করা হলে স্থানীয় আর্মি ক্যাম্পের সহায়তায় তিনি উদ্ধার হন। পরে ২৯ মার্চ সাতজন ভুক্তভোগী লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দেন। ৯ এপ্রিল বেলাল থানায় জিডি (নং-৩৫৫) করেন।
অভিযোগ রয়েছে, ১৫ এপ্রিল নির্ধারিত শুনানিতে যোগ দিতে যাওয়ার পথে অভিযুক্ত হাসান তাদের পথরোধ করে এলোপাথাড়ি মারধর করেন। এতে বেলাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
ভুক্তভোগীদের অভিযোগ, হাসান কখনো সাংবাদিক, কখনো মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে ব্যক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে অর্থ আদায় করতেন। এসব কাজে তার পিতা সরাসরি সহযোগিতা করতেন বলেও দাবি করা হয়।
এ বিষয়ে লামা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনায় তদন্ত চলছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।