৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকদের উষ্ণ সংবর্ধনা সুন্দরগঞ্জে
মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত চিকিৎসক কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে সম্প্রতি যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তাদের মেধা, নিষ্ঠা ও মানবিক সেবার মনোভাব প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, নতুন যোগদানকৃত একঝাঁক উজ্জ্বল প্রতিভাধারী কর্মকর্তা-কর্মচারীদের একনিষ্ঠতা, চিকিৎসাসেবার প্রতি গভীর অনুরাগ, পারস্পরিক সুসম্পর্ক ও আন্তরিকতার মাধ্যমে তিস্তাবিধৌত সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের কর্মজীবনের সফলতা কামনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার প্রত্যাশা করছে, এই নবযাত্রা সুন্দরগঞ্জের স্বাস্থ্যসেবায় নতুন গতি সঞ্চার করবে।