লাখো আলেমের শিক্ষক ক্বারী হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন
কাজী আলাওল হোসেন জনি
সুজানগর উপজেলা প্রতিনিধি
লাখো আলেমের শিক্ষক, বোয়ালমারী কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক, প্রখ্যাত ক্বারী ও দেশবরেণ্য আলেম হযরত ক্বারী হাবিবুর রহমান (রহ.) আর আমাদের মাঝে নেই। তিনি আজ বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মরহুম ক্বারী হাবিবুর রহমান (রহ.) ছিলেন পাবনা জেলার অন্তর্গত আহমদপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আলহাজ্ব সৈয়দ শামসুর রহমান সাহেবের ছোট ভাই। ইসলামী শিক্ষা ও দাওয়াহর ক্ষেত্রে তাঁর অবদান ছিল অপরিসীম। দীর্ঘদিন তিনি বোয়ালমারী কামিল মাদ্রাসায় শিক্ষকতা করে অসংখ্য আলেম, হাফেজ ও ক্বারী গড়ে তুলেছেন। তাঁর হাতে গড়া ছাত্ররা আজ দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের পূর্বপুরুষরা বাগদাদ থেকে বাংলাদেশে আগমন করেন। তারা মূলত বাগদাদের বাসিন্দা ছিলেন এবং ইসলামী জ্ঞান ও তাহজীব-তামাদ্দুনে সুপ্রতিষ্ঠিত একটি পরিবার হিসেবে পরিচিত ছিলেন। সেই ধারাবাহিকতায় ক্বারী হাবিবুর রহমান (রহ.) নিজ জীবনেও কুরআন-হাদিসের খেদমত ও ইসলামী শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ১১৫ বছর। তিনি এক পুত্র ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্র ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা ও ছাত্রসমাজ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার আসর নামাজের পর মরহুমের জানাজা নামাজ আহমদপুর শাহ ইউসুফ আলী (রহ.) কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জানাজা শেষে উক্ত কবরস্থানে মরহুমের দাদা সৈয়দ শাহ ইউসুফ আলী রহমাতুল্লাহ আলাইহি এর মাজারের পাশেই তাকে দাফন করা হবে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিল দান করুন—আমিন।