রায়গঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু-কিশোরদের অংশগ্রহণে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় রায়গঞ্জ উপজেলার মোট ২৬টি কিন্ডারগার্টেন স্কুল অংশগ্রহণ করে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১৫৩ জন।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ জানান, পরীক্ষাটি সাধারণ ও ট্যালেন্ট—এই দুই গ্রেডে অনুষ্ঠিত হয়েছে। ফলাফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী পরীক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনাকে সন্তোষজনক বলে মন্তব্য করেন।
আয়োজকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরীক্ষা সম্পর্কে আরও জানান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. শামসুল হক। তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর ফলাফল প্রকাশের পর ২৮ ডিসেম্বর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলায় ২০১৮ সাল থেকে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।
এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোররা তাদের পাঠ্যপুস্তকের জ্ঞানের প্রসার ঘটাতে পারছে এবং আগামীতে ভালো ফলাফল করবে বলে আশা করা হচ্ছে।