বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী
বিশেষ প্রতিনিধি: দৈনিক মানব বার্তা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস ও ধর্মীয় কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব।
ঠাকুরগাঁওয়ে একটি ওয়াজ মাহফিলে যোগদানের উদ্দেশ্যে যাত্রাপথে তিনি এই সংক্ষিপ্ত সফর করেন এবং বৃহত্তর কাশিনাথপুর এলাকার জশনে জুলুসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তাঁর সাথে স্থানীয় উলামায়ে কেরাম, তরুণ সমাজসেবক এবং বিভিন্ন স্তরের স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব বলেন, "পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন এবং জশনে জুলুস আমাদের ঈমানী শক্তির অন্যতম বড় বহিঃপ্রকাশ। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।" তিনি সুশৃঙ্খল ও সুন্দরভাবে জুলুস সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
তার এই আকস্মিক ও অনুপ্রেরণামূলক উপস্থিতিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে তিনি নির্ধারিত মাহফিলের উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের পথিমধ্যে রওনা হন।