বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ৫২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
মোঃ শামিম,
বাউফল উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাউফল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দিয়ে তাদের কৃতিত্বের স্বীকৃতি জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের সমন্বয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।