সুন্দরগঞ্জে বিজয় র্যালিতে অর্থের বিনিময়ে নারী অংশগ্রহণের অভিযোগ, ভিডিও ভাইরাল
মোঃ শাহিন মিয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জাপা) আয়োজিত একটি বিজয় র্যালিতে অর্থের বিনিময়ে নারীদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। র্যালি শেষে পার্টি কার্যালয়ে টাকা ভাগাভাগি নিয়ে এক নেতার সঙ্গে অংশগ্রহণকারীদের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে। পরে দুপুর আনুমানিক ২টার দিকে বিতর্কের ১৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের মতো উপজেলা জাতীয় পার্টিও তাদের অঙ্গসংগঠনগুলো নিয়ে বিজয় র্যালির আয়োজন করে। বেলা পৌনে ১২টার দিকে উপজেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে এবং পরে পার্টি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
তবে র্যালি শেষে অংশগ্রহণকারীদের মধ্যে অর্থ প্রদান নিয়ে অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যায়, কয়েকজন নারী আরও এক হাজার টাকা দাবি করছেন। এ সময় এক জাপা নেতাকে বলতে শোনা যায়, “আমি বলেছিলাম ৬০ জন মহিলা দিলে ৬ হাজার টাকা দেব। কিন্তু ৬০ জন পাওয়া যায়নি, তাই আমরা ৫ হাজার টাকা দিতে চেয়েছি।” এ বক্তব্যের পর সেখানে হইচই শুরু হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকের কমেন্ট বক্সে নেটিজেনরা নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডলের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।