সিরাজগঞ্জে পুলিশের অভিযানে পুকুরে লুকিয়ে থাকা মাদক কারবারি আটক
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
মাদকবিরোধী অভিযানে পুলিশের সক্রিয় ও সাহসী ভূমিকা প্রশংসা কুড়াচ্ছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস দল গভীর রাতে এক ভয়ংকর মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর ২০২৫ গভীর রাতে প্রচণ্ড শীত উপেক্ষা করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি পালানোর চেষ্টা করে এবং কাছাকাছি একটি পুকুরে লুকিয়ে পড়ে। পরিস্থিতির ঝুঁকি থাকা সত্ত্বেও পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে পুকুরে নেমে দীর্ঘ তল্লাশির পর তাকে আটক করেন।
আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, দুঃসাহসিক এই অভিযানে মাদক কারবারি আটক হওয়ায় স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা জানান এবং মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
সচেতন মহলের মতে, পুলিশের এ ধরনের নিয়মিত ও কার্যকর অভিযান সমাজ থেকে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়ক হবে।