সরিষার দেশে পর্যটকের ভিড়, ক্ষতির মুখে চলনবিলের কৃষক
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
চলনবিল—বাংলার অন্যতম বৃহৎ জলাভূমি অঞ্চল। বর্ষায় যেখানে অথই জল, শুষ্ক মৌসুমে সেখানে চোখ জুড়ানো হলুদ সরিষার ক্ষেত। নাটোর, সিরাজগঞ্জ, পাবনা ও নওগাঁ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলনবিলের সরিষা ক্ষেত এখন হলুদে হলুদে ছেয়ে গেছে। এই অপরূপ সৌন্দর্য প্রতিদিনই টানছে অসংখ্য দর্শনার্থীকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও তোলার প্রবণতা বাড়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন চলনবিলের সরিষা ক্ষেতে। তবে এই সৌন্দর্যের আড়ালেই চরম ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকেরা।
কৃষকদের অভিযোগ, অনেক দর্শনার্থী কোনো অনুমতি ছাড়াই সরিষা ক্ষেতে ঢুকে ছবি তুলছেন। এতে পায়ের চাপে গাছ ভেঙে যাচ্ছে, ফুল ঝরে পড়ছে এবং ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ কেউ আবার স্মৃতিচিহ্ন হিসেবে সরিষার ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, যা কৃষকের জন্য বাড়তি লোকসানের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
চলনবিল এলাকার এক কৃষক আক্ষেপ করে বলেন,
“সরিষা চাষ করেই আমাদের সংসার চলে। কিন্তু মানুষ ছবি তুলতে এসে গাছ নষ্ট করে যাচ্ছে। এতে আমাদের উৎপাদন কমে যাচ্ছে, ক্ষতির মুখে পড়ছি আমরা।”
স্থানীয় কৃষকদের মতে, সরিষা চাষে সার, বীজ, সেচ ও শ্রম—সব মিলিয়ে ব্যাপক খরচ হয়। ঠিক ফসল তোলার আগমুহূর্তে যদি এভাবে ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতি আর পুষিয়ে ওঠার সুযোগ থাকে না।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা কোনো অপরাধ নয়। তবে সেই উপভোগ যেন অন্যের ক্ষতির কারণ না হয়। তারা দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন—সরিষা ক্ষেতে না ঢুকে দূর থেকেই ছবি তোলার জন্য এবং কৃষকের পরিশ্রম ও জীবিকার প্রতি সম্মান দেখানোর জন্য।
একই সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, চলনবিল অঞ্চলের গুরুত্বপূর্ণ সরিষা ক্ষেতগুলোতে সচেতনতামূলক ব্যানার, মাইকিং বা স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মানুষকে সচেতন করা প্রয়োজন। এতে একদিকে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা পাবে, অন্যদিকে কৃষকরাও তাদের ন্যায্য ফসল ঘরে তুলতে পারবেন।
চলনবিল শুধু সৌন্দর্যের নয়, এটি হাজারো কৃষকের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। তাই চলনবিলের সরিষা দেখতে গেলে দায়িত্বশীল আচরণই হতে পারে প্রকৃত সৌন্দর্য উপভোগের সেরা উপায়।