লালমোহনে যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ পালিত।
মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন ভোলা।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা জেলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদা বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
আজ (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সকাল ৯ ঘটিকায় লালমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তি সমৃদ্ধির প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ।
এরপর বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানুল হক,লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ বলেন, “মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় অহংকার। বীর শহীদদের ত্যাগ ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা নতুন প্রজন্মের কাছে আমাদের তুলে ধরতে হবে। বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।” সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীর সূর্য সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।