লালমোহনে ইসলামিক মডেল মাদরাসায় মেধা ও উপস্থিতি পুরস্কার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলার লালমোহনে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পরিচালিত ইসলামিক মডেল মাদরাসা ও মডেল একাডেমি-এর আয়োজনে মেধা ও উপস্থিতি পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ৯টায় মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ আব্দুজ জাহের, এবং সঞ্চালনা করেন মাওলানা আজিম উদ্দিন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল মালেক ও ইসলাম সমাজকল্যাণ পাঠাগার মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম।
বক্তারা বলেন, আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারলে সমাজে নৈতিকতা ও মানবতার বিকাশ ঘটবে। তারা আরও বলেন, মাদরাসাভিত্তিক মানসম্মত শিক্ষা এবং অভিভাবকদের সচেতন সহযোগিতা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সাফল্যের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মাদরাসার শতাধিক মেধাবী ও নিয়মিত উপস্থিত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশে পরিপূর্ণ।