রায়গঞ্জ পৌরসভায় ১০ দলীয় ঐক্যের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়
বক্তব্য রাখলেন হাফেজ মুফতি আব্দুর রউফ সরকার
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
রায়গঞ্জ পৌরসভা এলাকায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে এক নির্বাচনী পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের রিকশা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মুফতি মাওলানা আব্দুর রউফ সরকার।
এর আগে ১০ দলীয় জোট সমর্থিত রিকশা প্রতীকের নির্বাচনী পথসভা ধানগড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। পথসভা শেষে একটি গণমিছিল ধানগড়া বাজার প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হাফেজ মুফতি মাওলানা আব্দুর রউফ সরকার বলেন,
“আপনারা সবাই জানেন—আমরা ১০ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সামনে এসেছি। দেশপ্রেম ও জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা চাই সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে।"
তিনি আরও বলেন,
“আমরা সবাই এই দেশে একসঙ্গে বসবাস করবো এবং ঐক্যবদ্ধভাবে দেশ গড়বো। তাই আগামী ১২ তারিখ ১০ দলীয় ঐক্যের রিকশা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।”
বক্তব্যের শেষাংশে তিনি বলেন,
“আগামী শনিবার ডা. শফিকুল ইসলাম সিরাজগঞ্জে আসছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। তাকে সম্মান জানাতে আমরা সবাই উপস্থিত থাকবো, ইনশাআল্লাহ।”
সমাবেশে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা আমির জননেতা মো. আলী মর্তুজা, রায়গঞ্জ পৌর আমির মো. হোসাইন আলী, রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সহকারী প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, রায়গঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন আকন্দসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে পৌর জামায়াতের আমির মো. হোসেন আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এতে জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শতাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।