রায়গঞ্জে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আব্দুল খালেক পাটোয়ারী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা, আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহায়মেনু আলম, একাডেমিক সুপার মোহাম্মাদ নুরুন্নবী মিয়া, কৃষি কর্মকর্তা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ধানগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মফিজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজয় মেলা ২০২৫ উপলক্ষে মেলায় রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন স্টল, সুস্বাদু খাবারের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক কার্যক্রম। পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে বিজয়ের উৎসব উদযাপনের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ের এই আনন্দঘন উৎসবে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।