রায়গঞ্জে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ লুৎফর রহমান শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজের স্বেচ্ছায় অনুপস্থিত ও সাময়িক বরখাস্তকৃত উপাধ্যক্ষ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শেখ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম করে আসছেন। ভুয়া বিল–ভাউচার তৈরি, সরকারি তহবিল আত্মসাৎ ও কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগও তোলেন তারা। বক্তারা জানান, তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলাও চলমান রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই, আমাদের কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকুক। যারা কলেজের মর্যাদা নষ্ট করে, তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া জরুরি।”
বক্তারা লুৎফর রহমান শেখের অনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে অভিযুক্ত অধ্যক্ষের দ্রুত বিচার দাবি করেন।
মানববন্ধন ও বিক্ষোভে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।