
বাউফলে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ শামীম
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রাধামাধব মন্দির প্রাঙ্গণে ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা জনাব শহিদুল আলম তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের অধিকার রক্ষায় কাজ করেছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই।” তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব শাহজাহান হাওলাদার। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি ধানের শীষকে বিজয়ী করতে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রাধামাধব পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু খোকন চন্দ্র সাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই উঠান বৈঠক প্রমাণ করে যে, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দল। দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে অবস্থান নিতে হবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ। বক্তারা ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।