প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নবনির্বাচিত এমপি অধ্যাপক মাজেদুর রহমান
মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা শহীদ মিনারে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমির জননেতা অধ্যাপক মাজেদুর রহমান।
এসময় তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাঁদের এই অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিস ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ থানার ওসি জনাব তাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মোঃ সামিউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ বাবুল আহমেদ, সদস্য সচিব জনাব মাহমুদুল হাসানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।