পিরোজপুরে মাদক মামলা: এক আসামির যাবজ্জীবন, দুইজনের ভিন্নমেয়াদে কারাদণ্ড
মোঃ শাহিন ফকির
পিরোজপুর জেলা সংবাদদাতা
পিরোজপুরে ইয়াবা পাচার মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরো দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রধান আসামি মোসাঃ শারমীন আক্তার (৪৫–কে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেহেদী হাসান মুন্না (১৯)–কে ১ বছর ৯ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং ইকতার জাহান তিশা (২২)–কে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কাউখালীর শিয়ালকাঠি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। পরে পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি কাউখালী থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামির উপস্থিতিতেই রায় ঘোষণা করেন। তবে চার আসামির মধ্যে একজনকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।
জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আকন জানান, মামলার প্রধান আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও তিনি মন্তব্য করেন।