পাঁচ বছর পেরিয়ে ছয়—তবুও উদ্বোধন হয়নি
সীমাহীন অনিয়মের আতুরঘর রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
প্রায় ১৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদ পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে হলেও এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। স্থানীয়দের অভিযোগ—নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, প্রশাসনিক গড়িমসি, দুর্বল তদারকি এবং নিয়োগ–সংক্রান্ত রাজনৈতিক প্রভাবসহ নানা অনিয়মে এই প্রকল্পটি পরিণত হয়েছে অপচয় ও দুর্নীতির প্রতীকে।
২০২০ সালের জানুয়ারি, ইসলামিক ফাউন্ডেশনের ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান কনভয় সার্ভিস নির্মাণ কাজ শুরু করে। প্রথমে ব্যয় ধরা হয়েছিল ১৩ কোটি ৮০ লাখ টাকা, কিন্তু পুকুর ভরাট, ভূমি প্রস্তুতি, নকশা পরিবর্তন ও “অতিরিক্ত নির্মাণসামগ্রী ব্যবহারের” কারণ দেখিয়ে প্রকল্প ব্যয় বাড়তে বাড়তে পৌঁছায় ১৪ কোটি ২৫ লাখ টাকায়।
স্থানীয়দের বক্তব্য, এই ব্যয় বৃদ্ধির বড় অংশই ছিল “অপ্রয়োজনীয়” এবং এতে গোপন স্বার্থ বা অনিয়মের সংশ্লিষ্টতা থাকতে পারে। মসজিদের ভেতরে ব্যবহৃত নিম্নমানের টাইলস বহু স্থানে ফেটে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে—যা নির্মাণকাজের মান নিয়ে বড় প্রশ্ন তোলে।
নির্মাণকাজের তদারকি দুর্বল হওয়ায় বছরের পর বছর ধরে নানা অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। এছাড়া ইমাম ও মোয়াজ্জিন নিয়োগেও দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির সম্ভাবনা ঘিরে ক্ষোভ বাড়ছে জনমনে।
উদ্বোধন বিলম্ব, প্রকল্প ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি এবং নিম্নমানের কাজ—সব মিলিয়ে রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রকল্পটি আজ স্থানীয়দের চোখে সবচেয়ে বড় হতাশা ও অপচয়ের উদাহরণে পরিণত হয়েছে।
এ বিষয়ে রাফিউল ইসলাম হিমেল সিনিয়র মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ তার ফেসবুকে লিখেছেন :দেখার কেউ নেই! প্রায় ৬ বছর হয়ে গেলো—যেখানে অন্য উপজেলার মডেল মসজিদগুলো নিয়মিত চালু আছে, সেখানে রায়গঞ্জের এই অবস্থা। রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদও দুর্নীতি থেকে রক্ষা পায়নি। নীতিবাক্য শুনতে ভালো লাগে না অথচ শুক্রবারেও নামাজ পড়ে না!”