পঞ্চগড়ের দেবীগঞ্জে হিন্দু পুরোহিত প্রশিক্ষকের জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগদান
স্টাফ রিপোর্টারঃ দৈনিক মানব বার্তা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তাপস মোহন চক্রবর্তী নামে এক হিন্দু পুরোহিত প্রশিক্ষক জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগদান করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ এলাকায় ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
তাপস মোহন চক্রবর্তী দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের কিতনিয়া পাড়া গ্রামের পরপূর্ণ ঠাকুরের ছেলে। বর্তমানে তিনি পঞ্চগড় জেলা পুরোহিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সদস্য তাপস মোহন চক্রবর্তীকে ফুল দিয়ে বরণ করেন। বৈঠকে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শুধু মুসলমানদের নয়, সমাজের সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য কাজ করে আসছে। এজন্যই বিভিন্ন ধর্মের মানুষ এখন সংগঠনের অমুসলিম শাখায় যুক্ত হচ্ছেন।
তাপস মোহন চক্রবর্তী বলেন, “জামায়াতে ইসলামীর মানবিক ও ন্যায়ভিত্তিক কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করেছে। আমি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এই সংগঠনের সঙ্গে থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”
উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামী বিভিন্ন জেলায় অমুসলিম শাখার কার্যক্রম সম্প্রসারণ করছে এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করছে।