নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন
মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধি, নীলফামারী।
নীলফামারী জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫”। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জেলার তিনটি উপজেলা—জলঢাকা, ডোমার ও ডিমলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোট চারটি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ের প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।
জলঢাকা উপজেলার দুটি কেন্দ্র—জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে—শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। পরীক্ষার সময় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিটি শ্রেণি থেকে শীর্ষ ১০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি সর্বমোট ৬ লাখ ৫০ হাজার টাকার নগদ পুরস্কার, সনদপত্র ও আকর্ষণীয় উপহার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
আয়োজকরা আরও বলেন, “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা” শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করা এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই আয়োজন করা হয়।