নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা: জেসমিনা হোসেন জুঁই এর গল্প
স্টাফ রিপোর্টার রাজবাড়ি
বাংলাদেশের নারী উদ্যোক্তাদের পথচলা সবসময়ই সহজ নয়। তবুও যারা স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করেন, তারাই সমাজে নতুন দিগন্ত উন্মোচন করেন। এমনই একজন অনুপ্রেরণাদায়ী নারী উদ্যোক্তা হলেন জেসমিনা হোসেন জুঁই, যিনি প্রতিষ্ঠা করেছেন সৃজনশীল উদ্যোগ ‘নকশী কাঁথা ফাউন্ডেশন’।
জেসমিনা হোসেন জুঁই জানান, তার উদ্যোক্তা যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে। ছোটবেলা থেকেই হস্তশিল্প ও রান্নার প্রতি আগ্রহ ছিল তার। সেই আগ্রহ থেকেই তিনি ঘরোয়া পণ্য ও হাতের কাজ বাজারজাত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন। শুরুটা ছিল কঠিন, কিন্তু পরিবারের সমর্থন ও নিজের দৃঢ় মনোবল তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।
নারী উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর্থিক সীমাবদ্ধতা ও বাজারে প্রতিষ্ঠা পাওয়া। সমাজের অনেকেই নারী উদ্যোক্তাদের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করত। তবে দৃঢ় মনোভাব, পরিকল্পিত উদ্যোগ ও নেটওয়ার্কের শক্তিতে তিনি সকল বাধা অতিক্রম করেছেন।
নকশী কাঁথা ফাউন্ডেশন মূলত কাজ করে সেই সব নারীদের নিয়ে যারা সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি আত্মনির্ভর হতে চায়। জেসমিনা জুঁই নিজের শখ থেকেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ২০০২ সালে এবং পরের বছর ২০০৩ সালে সরকারি লাইসেন্স নেন। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে তার প্রতিষ্ঠান থেকে লক্ষাধিক নারী ও পুরুষ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
বর্তমানে তিনি কেবল উদ্যোক্তা নন, বরং বাংলাদেশ দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর একজন সম্মানিত অ্যাসেসর হিসেবেও কাজ করছেন। তার লক্ষ্য—বাংলাদেশের নারীদের হাতে তৈরি পণ্য শুধু দেশেই নয়, বিশ্ববাজারেও পরিচিত করে তোলা।
নতুন উদ্যোক্তাদের প্রতি তিনি পরামর্শ দেন—
“আপনার স্বপ্নকে কখনোই ছোটভাবে দেখবেন না। পরিকল্পনা করে ধাপে ধাপে কাজ করুন। চ্যালেঞ্জ আসবেই, কিন্তু ভয় পাবেন না। সৎ মনোভাব, সাহস ও আত্মবিশ্বাস থাকলে ইনশা আল্লাহ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”
জেসমিনা সুলতানা জুঁই প্রমাণ করেছেন, ঘরে বসেও একজন নারী উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার অনুপ্রেরণামূলক গল্প বাংলাদেশের নারীদের জন্য হয়ে উঠেছে এক আলোকবর্তিকা।