ধানঘরা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারি সম্পন্ন
দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
ধানঘরা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের বাছাই কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী দুপুর ২টায় লটারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কিছুটা দেরিতে কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৩৩৪টি আবেদন ফরম বিক্রি হয়। এর মধ্য থেকে লটারির মাধ্যমে প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
লটারি কার্যক্রমটি বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক মফিজ উদ্দিন স্যার–এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন কুমার, সহকারী শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক তাহের স্যার, মনির স্যারসহ অন্যান্য শিক্ষকরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ও পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ম্যানেজিং কমিটির সদস্য নাদির। এছাড়াও ধানঘরা ফেসবুক পেজের অ্যাডমিন রাজু আহমেদ রকি, রিফাত আহমেদ, সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লটারির স্বচ্ছতা নিশ্চিত করতে অভিভাবকদের মাধ্যমেই শিক্ষার্থীদের নাম তোলা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন কুমার নিজে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং একাধিক লটারি নিজ হাতে তোলেন।
লটারিতে সন্তানের নাম ওঠায় অনেক অভিভাবক আনন্দ প্রকাশ করেন। এক অভিভাবক বলেন,
“আমার বাচ্চার নাম উঠেছে, আমি খুব খুশি। এই স্কুলেই তাকে পড়াবো।”

আরেক অভিভাবক জানান,
“আমার মেয়ের নাম উঠেছে, খুব ভালো লাগছে। সামনে পড়াশোনার জন্য প্রস্তুতি নেবো।”
তবে যাদের সন্তানের নাম ওঠেনি, তাদের মধ্যে হতাশা ও আবেগঘন মুহূর্তও দেখা যায়। একজন অভিভাবক সন্তানের নাম না ওঠায় কান্নায় ভেঙে পড়েন এবং শেষ পর্যন্ত নিজের ভাগ্যকে মেনে নেওয়ার কথা জানান।
নাম না ওঠায় অনেক অভিভাবকই কষ্ট প্রকাশ করেন।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে, স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারি সম্পন্ন হয়। উপস্থিত অভিভাবক ও অতিথিরা বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজন ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।