দিনাজপুরে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন) উদযাপন করা হয়েছে।
বড়দিন উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দিনাজপুর জেলার রাজারামপুর গীর্জায় শুরু হয় বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজারামপুর গীর্জায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে খ্রিস্টান সম্প্রদায়ের নেতা-নেত্রী, চার্চের পরিচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়াও রাজারামপুরসহ জেলার অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের গীর্জাগুলোতেও অনুরূপভাবে প্রার্থনা, কেক কর্তন, নাচ-গান ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পবিত্র বড়দিন পালন করা হয়। বড়দিন উপলক্ষে আদিবাসী খ্রিস্টান পরিবারগুলোতে ছিল বিশেষ খাবারের আয়োজন। নতুন পোশাকে সজ্জিত হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত করেন তারা, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলেন, “এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। শিশুদের মাঝে থাকে বিশেষ আনন্দ ও উচ্ছ্বাস। এ বছর আমরা সৃষ্টিকর্তার কাছে দেশের কল্যাণ ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি।”
বড়দিন উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিনাজপুরে বড়দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।