ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গভীর চক্রান্তের অভিযোগ জামায়াত নেতা তাহেরের
ডেস্ক রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন। শ্রীপুরের চৌমুহনী বাজারস্থ মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ডা. তাহের বলেন, “খবরে দেখলাম—সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারতে গেছেন। সেখানে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জনগণ তা জানতে চায়। সরকারকে সংবাদ সম্মেলন করে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে।”
তিনি বলেন, “বাংলার মানুষ রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদী প্রভাবকে প্রতিহত করেছে। তাই কোনো অন্যায় চাপ বা অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করলে সরকারের জন্য তা সুখকর হবে না।”
জামায়াতের এই নেতা দাবি করেন, নির্বাচনকে ঘিরে একটি রাজনৈতিক দল সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে। “তারা পুরোনো, অনৈতিক পদ্ধতিতে নির্বাচন করার চেষ্টা করছে। অন্তবর্তীকালীন সরকারও তাদের ফাঁদে পড়েছে,” বলেন তিনি।
তাহের আরও উল্লেখ করেন, “আমরা গণভোটের দাবি তুলেছি জনগণের মতামত জানার জন্য। সরকার গণভোটে রাজি হলেও তা জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে দেওয়ার চক্রান্ত করছে। অথচ দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। কোনো দলই আলাদা গণভোট চায় না—কারণ বিশ্ববিদ্যালয়ের ডাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচনগুলো তাদের বাস্তব চিত্র দেখিয়ে দিয়েছে।”
তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে যদি ‘সংস্কার’ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়, তবে কমপক্ষে ৮০ শতাংশ মানুষ জামায়াতের পক্ষে মত দেবে।
ডা. তাহের অভিযোগ করেন, “অন্তবর্তী সরকার জনগণকে প্রতারণা করছে। তাদের সিদ্ধান্তে মানুষের প্রকৃত প্রত্যাশার প্রতিফলন নেই। এভাবে চলতে থাকলে শহীদদের রক্তের প্রতি অবমাননা করা হবে।”