তজুমদ্দিনে প্রবাসী আইয়ুব আলীর ওপর হামলা, রাতে বসতঘর ভাঙচুর—চাঁদার দাবিতে জীবননাশের আতঙ্ক
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, তজুমদ্দিন (ভোলা)
ভোলার তজুমদ্দিনে প্রবাস ফেরত আইয়ুব আলীকে মারধর ও তাঁর বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। চাঁদার দাবিতে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।
আইয়ুব আলী জানান, নয় বছর প্রবাসে থাকার পর মাত্র দুই মাস আগে তিনি দেশে ফেরেন। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ির পাশের বেড়িবাঁধে হাঁটতে বের হলে সেখানে কিছু যুবককে তাস খেলতে দেখেন। তিনি উপস্থিত হলে তারা তাঁর পরিবারকে নিয়ে কটূক্তি করে। প্রতিবাদ করায় জাকির, গিয়াস, আলাউদ্দিন ও মঞ্জুসহ কয়েকজন মিলে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে।
মারধরের পর চিকিৎসার জন্য লালমোহন হাসপাতালে গেলে অভিযুক্তরা তাঁকে খুঁজতে বাড়িতে যায়। বাড়িতে না পেয়ে তাঁর বসতঘর ভাঙচুর করা হয় এবং স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। আইয়ুব আলীর অভিযোগ, অভিযুক্তরা আইনগত ব্যবস্থা নিলে তাঁকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। বর্তমানে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিষয়টি জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওমর আসাদ রিন্টু বলেন, “ঘটনার বিষয়ে আমি আগে জানতাম না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।”
তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত আলী জানান, “ঘটনার কথা শুনেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”