ডোমার মুটুকপুর কৃষি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী
নীলফামারীর ডোমারে একটি কৃষি জমি থেকে সায়েদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সায়েদ উপজেলার মটুকপুর বুদলির পার এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি হকার ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ডাঙ্গাপাড়া এলাকার একটি কৃষি জমিতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শুরুতে নিহতের পরিচয় নিয়ে অস্পষ্টতা থাকলেও পরে স্বজনরা এসে সায়েদের পরিচয় শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে।”
এদিকে, ফসলি জমিতে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে কোনো রহস্য আছে কি না, তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।