ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা
এম,শাহজাহান,(ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ)
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় আমন ধান পাকতে শুরু করায় বন্য হাতির আতঙ্কে দিন কাটছে কৃষকদের। পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দল খেয়ে ও পায়ের নিচে পিষ্ট করে নষ্ট করছে কৃষকের কষ্টের ফসল। ফলে পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন সীমান্তবর্তী এলাকার চাষীরা।
বিশেষ করে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া, হলদিগ্রাম, গারোকোনা ও সন্ধ্যাকুড়া এবং কাংশা ইউনিয়নের হালচাটি, নওকুচি, বানিয়াপাড়া ও গরুচরণ দুধনই এলাকায় হাতির উপদ্রব বেশি এ অভিযোগ স্থানীয় কৃষকদের। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর পাহাড় থেকে হাতির দল লোকালয়ে নেমে আসে। ফসল রক্ষায় অনেক কৃষক রাতভর মশাল জ্বালিয়ে ও দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন। তবুও হাতির আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না তাদের কষ্টের ফসল। কৃষকদের কাছে আমন ধান শুধু একটি ফসল নয়, সারা বছরের সংসার চালানোর অন্যতম অবলম্বন। তাই ধান ঘরে তুলতে না পারলে পরিবার নিয়ে খাদ্য ও আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন তারা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরের সীমান্তবর্তী রাংটিয়া, বালিঝুড়ি ও মধুটিলা রেঞ্জ এলাকায় প্রতিবছর আমন মৌসুমে প্রায় ১৪ থেকে ১৫ হেক্টর জমির ফসল বন্য হাতির কারণে ক্ষতিগ্রস্ত হয়। বোরো মৌসুমেও ১০ থেকে ১২ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার তথ্য রয়েছে। এদিকে হাতি ও মানুষের দীর্ঘদিনের সংঘাত এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফসল রক্ষা করতে গিয়ে মানুষ ও বন্য হাতি উভয়ের প্রাণহানির ঘটনাও ঘটছে। সংশ্লিষ্টদের মতে, হাতি-মানুষের সংঘাত কমাতে হাতির নিরাপদ চলাচলের পথ নিশ্চিত করা, বনাঞ্চলে খাদ্যের ব্যবস্থা বৃদ্ধি করা,এবং বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে লোকালয়ে নেমে আসা বন্যহাতির গতিরোধ করা প্রয়োজন। কৃষকদের দাবি, আমন ধান ঘরে তোলা পর্যন্ত সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি মানুষ ও বন্য হাতি—উভয়ের জীবন রক্ষায় স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।