জীর্ণ কুটিরে ২০ রাজবংশী পরিবারের মানবেতর জীবন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০০০ সালের দিকে একটি আশ্রয়ণ প্রকল্পে রাজবংশী সম্প্রদায়ের ২০টি পরিবারকে পুনর্বাসন করা হয়। তবে দীর্ঘসময় ধরে সংস্কার না হওয়ায় ঘরগুলো এখন অত্যন্ত নাজুক ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
আর্থিক অসচ্ছলতার কারণে সংস্কার করতে না পারায় জরাজীর্ণ ও ভাঙাচোরা টিনের ঘরে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
টিনের পুরোনো চালা দিয়ে বর্ষাকালে পানি পড়ে ঘরের ভেতরে, ভিজে যায় আসবাবপত্র। আবার শীতকালে ভাঙা বেড়া দিয়ে ঢোকা ঠান্ডা বাতাসে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির সংকট তাদের জীবনযাপনকে আরও কষ্টকর করে তুলেছে।
একসময় মাছ ধরা ও কৃষিকাজ ছিল রাজবংশীদের প্রধান আয়ের উৎস। কিন্তু নদী-নালার নাব্য কমে যাওয়া এবং খাস জলাশয় ইজারা ব্যবস্থায় তারা সেই পেশা থেকে ক্রমেই সরে যেতে বাধ্য হয়েছেন। বিকল্প কর্মসংস্থানের অভাব ও পুঁজির সংকটে অনেকেই এখন দিনমজুরের কাজ করছেন, আবার কেউ কেউ কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমিয়েছেন।
ধামাইনগর ইউনিয়নের জামতৈল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ৭০ বছর বয়সী মালা রাজবংশী বলেন, 'ছেলে-পুত্র নেই, একটি মেয়েকে নিয়ে কষ্টে দিন কাটাই। ঝড়-বৃষ্টি এলে ঘরের ভেতরে আতঙ্কে থাকতে হয়। কেউ আমাদের খোঁজ নেয় না।'
সুকুমার রাজবংশী বলেন, '২০ বছর আগে সরকার ঘর দিয়েছে। এরপর আর কোনো মেরামত হয়নি। খুঁটিগুলো ভেঙে গেছে, দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। যে কোনো সময় ঘর ভেঙে পড়তে পারে। কাজের অভাবে এখন ঢাকায় থাকি, আর পরিবার ঝুঁকি নিয়েই এখানে থাকে।'
রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে এসব পরিবারের ঘর মেরামতসহ তাদের আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।