জলঢাকায় সড়ক পুনর্নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ সাময়িক বন্ধ।
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক পুনর্নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে উপজেলা প্রকৌশল দপ্তরের পক্ষ থেকে প্রাথমিক ভাবে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, ‘আরডিআরআইপি-২’ (RDRIIP-2) প্রকল্পের আওতায় (প্যাকেজ নং-RDRIIP-2/W-VRA-484, রোড আইডি-173364043) গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ থেকে ঘোড়ামারা স্কুল ও ধর নদী হয়ে ভবনচুর বাজার পর্যন্ত ৩ হাজার মিটার (৩ কিলোমিটার) সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। কাজের প্রাক্কলিত মূল্য ২ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৫০৯ টাকা ১১ পয়সা এবং চুক্তি মূল্য ২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৭৮৩ টাকা ২৫ পয়সা। ২০২৫-২৬ অর্থবছরে কাজটির দায়িত্ব পায় নীলফামারী সদরের বড় বাজার এলাকার ফায়ার সার্ভিস রোডের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সাত্তার ট্রেডার্স’। ৫ জানুয়ারি ২০২৬ তারিখে শুরু হওয়া এই কাজ ৩০ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ খেলার মাঠ থেকে বুড়ি তিস্তা বাঁধ হয়ে যাওয়া এই সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। প্রকৌশল দপ্তরের নিয়ম অনুযায়ী এ কাজে খোয়ার সাইজ ২ ব্যবহারের কথা থাকলেও সেখানে ৩, ৪ ও ৫ সাইজের খোয়া ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, দুপুরে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এসএএ) আব্দুর রহিম রতন ঘটনাস্থলে যান। তিনি কাজের অনিয়ম দেখতে পেয়ে প্রাথমিক ভাবে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ বিষয়ে গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল কবিরসহ স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তাঘাট মানুষের জীবনমান উন্নয়নের জন্য তৈরি হয়। এটি একদিনের জন্য নয়, সারাজীবনের জন্য। তাই সরকারের উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না। অভিযোগের বিষয়ে জলঢাকা উপজেলা প্রকৌশলী তারিকুজ্জামান বলেন, এলাকার লোকজন আমাকে ফোন দিয়ে অনিয়মের বিষয়টি জানালে আমি লোক পাঠাই। এস্টিমেট ও নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, কোনোভাবেই অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না।