চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা, তদন্তের অপেক্ষায় রায়গঞ্জবাসী
দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম ধানগড়া বাজারের একজন পাইকারি মুদি ব্যবসায়ী। তিনি ধানগড়া প্রামাণিকপাড়ার নূরুল ইসলামের ছেলে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে তৌকির আহমেদ স্বপন ও তার কয়েকজন সহযোগী আসাদুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, রোববার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে আসাদুল ইসলাম পাটের ব্যাগে চার লাখ টাকা নিয়ে ধানগড়া অগ্রণী ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় হক প্লাজার পাশের একটি ওষুধের দোকানের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে ওই টাকা ছিনিয়ে নেয় এবং পালিয়ে যায়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ স্বপন। তিনি বলেন,
“ছিনতাইয়ের ঘটনার সঙ্গে আমি জড়িত নই। ঘটনাস্থলেও আমি উপস্থিত ছিলাম না। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”
এ বিষয়ে পৌর যুবদলের আহ্বায়ক বোরহান কবির বলেন,
“ঘটনায় স্বপন জড়িত কি না, সে বিষয়ে আমার নিশ্চিত কোনো তথ্য নেই। শুনেছি তার নামেও মামলা হয়েছে।”
ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন বলেন,
“কোনো নেতাকর্মী ভুল করলে তাকে শাসন ও সতর্ক করা যেতে পারে। তবে সঠিক তদন্ত ছাড়া কাউকে দোষী বলা উচিত নয়। স্বপন দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।”
বর্তমানে ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।