‘‘খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
মোঃ মহিবুল্লাহ মেহেদী
জেলা প্রতিনিধি, গাইবান্ধা
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অজান্তে ধারণ করা একটি ভিডিও প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মোছাঃ আয়েশা সিদ্দিকা। তাকে হয়রানি ও হেনস্তা করার উদ্দেশ্যে ভিডিওটি প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
মোছাঃ আয়েশা সিদ্দিকা বলেন, সরকারি রাজস্ব আদায়ের অন্যতম মাধ্যম অর্পিত সম্পত্তির লিজ মানি। লিজ গ্রহীতাদের কাছ থেকে সরকারি নির্ধারিত খাজনা গ্রহণ করে এর বিপরীতে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) প্রদান করা তার নিয়মিত দায়িত্ব। ভিডিওতে যে টাকা দেখা যাচ্ছে, তা সরকারি রাজস্ব আদায়ের দায়িত্ব পালনের অংশ হিসেবে গ্রহণ করা খাজনার টাকা বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করে বলেন, তার নামীয় একটি ভিডিও কে বা কারা তার অজান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। ভিডিওটি প্রচারের উদ্দেশ্য তাকে সামাজিকভাবে হয়রানি ও হেনস্তা করা। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সার্টিফিকেট সহকারী মোছাঃ আয়েশা সিদ্দিকা আরও জানান, বিষয়টি ইতোমধ্যে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় গ্রহণ করা খাজনার টাকাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দুঃখজনক। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো ভিডিও বা তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।