কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া
মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি:
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল১২টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ ফয়সল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ইব্রাহিম হোসেন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মওদুদ আলম সরকার এবং জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান তালুকদার হিরো।
দিবসটি উপলক্ষে আয়োজিত মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগের সময় করণীয়, নিরাপদে আশ্রয় গ্রহণ, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
আয়োজকেরা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে পারলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।