ঐতিহাসিক প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালির আগমন
বান্দরবান প্রতিনিধি : মোঃ আবু বক্কর সিদ্দিক
পার্বত্য চট্টগ্রামের ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক চলমান। পাহাড়ি জনগোষ্ঠীর বঞ্চনা, অধিকার ও আন্দোলনের প্রসঙ্গ প্রায়শই আলোচিত হলেও এর পেছনের পূর্ণ ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতা অনেকাংশে উপেক্ষিত থেকে গেছে।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৯৪৭ সালের দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রামের বহু পাহাড়ি নেতা পাকিস্তানের অন্তর্ভুক্তির বিরোধিতা করে ভারতের পক্ষে অবস্থান নেন। তারা রাঙামাটিতে প্রকাশ্যে ভারতীয় পতাকা উত্তোলনও করেন। এই অবস্থানের ফলে কেন্দ্রীয় সরকার পাহাড়ি নেতৃত্বের ওপর অবিশ্বাস পোষণ করে, যা পরবর্তীতে রাজনৈতিক দূরত্বের জন্ম দেয়।
১৯৬৪ সালে পাকিস্তান সরকার বাইরের অধিবাসীদের প্রবেশের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর থেকেই পার্বত্য এলাকায় ধীরে ধীরে বাঙালিদের প্রবেশ বাড়তে থাকে। কাপ্তাই বাঁধ নির্মাণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক কাজের মাধ্যমে বাঙালি কর্মীদের প্রভাবও বৃদ্ধি পায়।
স্বাধীনতার পর পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশ বাংলাদেশের পক্ষে থাকলেও চাকমা সার্কেলের রাজা ত্রিদিব রায় পাকিস্তানপন্থী অবস্থান নেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে এম.এন. লারমার নেতৃত্বে গঠিত হয় জনসংহতি সমিতি (জেএসএস) ও এর সশস্ত্র শাখা শান্তি বাহিনী। ১৯৭৬ সালে শান্তি বাহিনী প্রথম সশস্ত্র হামলা চালালে প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করে।
পরবর্তীতে ১৯৭৯ থেকে ১৯৮৩ সালের মধ্যে প্রায় ৫৫ হাজার বাঙালি পরিবারকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করা হয়। সরকারের দাবি, এটি ছিল উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের অংশ। এ সময় গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, যার মাধ্যমে যোগাযোগ, শিক্ষা, কৃষি ও বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীর প্রতীক বলেন, “দেশের অখণ্ডতা রক্ষা ও বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে সেনা মোতায়েন ছিল সময়ের দাবি।”
গবেষক মেহেদী হাসান পলাশের মতে, “বাঙালিরা পাহাড়ে গিয়ে শুধু বসতি স্থাপন করেনি; তারা পাহাড়ের উন্নয়নেও অবদান রেখেছে।”
বিশেষজ্ঞদের মতে, পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি ও বাঙালি পুনর্বাসন ছিল ঐ সময়ের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি থেকে নেওয়া রাষ্ট্রীয় সিদ্ধান্ত। ইতিহাসের এই বাস্তবতাকে সম্যকভাবে না বুঝলে পাহাড়ে স্থায়ী শান্তি ও আস্থার পরিবেশ তৈরি সম্ভব নয়।